৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৮, ৩০ জুন ২০২৬

আপডেট: ১৮:৪৯, ৩০ জুন ২০২৬

‘মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ সংবাদ সম্মেলনে দুই ব্যবসায়ীর অভিযোগ

‘মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ সংবাদ সম্মেলনে দুই ব্যবসায়ীর অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই ব্যবসায়ী হযরত আলী বড় ও হযরত আলী ছোট। তারা দাবি করেন, এসব প্রচারণার কারণে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। এ সময় ব্যবসায়ী নূর হোসেন মুন্না, মো. রওশন আলী ভূঁইয়া, মিহালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হযরত আলী বড় ও হযরত আলী ছোট বলেন, তারা প্রায় ৩৬ বছর ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সরকারি সংস্থা, সিটি করপোরেশন ও পৌরসভার উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন।

তারা বলেন, ঠিকাদারি কাজের প্রয়োজনেই বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে পেশাগত যোগাযোগ হয়েছে। এছাড়া সামাজিক ও আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে অনেকের সঙ্গে সৌজন্যমূলক ছবি রয়েছে। তবে এসব যোগাযোগের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং তারা কখনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বর্তমানে তারা স্থানীয় একটি মসজিদ ও একটি স্কুল পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একটি মহল তাদের বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা ছবি ব্যবহার করে কখনো বিগত সরকারের সহযোগী, আবার কখনো জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তাদের দাবি, দেশের বিভিন্ন ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। যদি কোনো ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকত, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি।

হযরত আলী বড় ও হযরত আলী ছোট আরও বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ঈর্ষাবশত একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, সচেতন নাগরিক এবং গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়