তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের গোগনগর এলাকার তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং গুজব প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের এক দারোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য প্রচার হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এসব তথ্যের একটি অংশ বিভ্রান্তিকর এবং এর মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের পর একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
২০০১ সালে প্রতিষ্ঠিত তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত বিচার হওয়া উচিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা এবং বিদ্যালয়কে বিতর্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
অভিভাবকরা বলেন, কোনো অভিযোগের বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত। গুজব বা উসকানির ভিত্তিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর কিংবা অস্থিরতা সৃষ্টি কাম্য নয়।
মানববন্ধন থেকে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।





































