১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫৭, ১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবসে পণ্যের গুণগত মান নিশ্চিতের আহ্বান

বিশ্ব মান দিবসে পণ্যের গুণগত মান নিশ্চিতের আহ্বান

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব মান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ। পরে বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পণ্যের গুণগত মান ভোক্তার আস্থা অর্জনের অন্যতম শর্ত। মানসম্মত পণ্য পাওয়া প্রত্যেক ভোক্তার অধিকার। নিম্নমানের পণ্য শুধু ভোক্তার ক্ষতিই করে না, আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বক্তারা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিএসটিআই থেকে হালাল সনদ গ্রহণ, মেট্রিক পদ্ধতিতে পরিমাপ নিশ্চিত করা এবং পণ্যের মোড়কে নিট ওজন, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

একই সঙ্গে পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের অনুমোদন চিহ্ন ও কিউআর কোড যাচাই করে পণ্য কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনার সঞ্চালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।

সর্বশেষ

জনপ্রিয়