বন্দরে ২৯ পূজামণ্ডপে চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও জরুরি যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংবলিত পিভিসি ব্যানার দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার ২৯টি পূজামণ্ডপের জন্য মোট ১ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংবলিত একটি করে পিভিসি ব্যানার সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।





































