০৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ৩ অক্টোবর ২০২৬

মাদক-সন্ত্রাস প্রতিরোধে যাত্রা শুরু ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জের’

মাদক-সন্ত্রাস প্রতিরোধে যাত্রা শুরু ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জের’

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’। সামাজিক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা এবং বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করার কথা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হুমায়ুন কবির রিপন জানান, গত ১৫ জুন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’ গঠিত হয়। একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ব এই চারটি মূলনীতিকে সামনে রেখে সংগঠনটি কাজ করবে।

তিনি জানান, শহরের অপরাধপ্রবণতা ও সামাজিক বিশৃঙ্খলা নিরসনে গলাচিপা এলাকাকে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে পুরো নারায়ণগঞ্জ শহরকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কোনো অপরাধীকে সামাজিক বা সাংগঠনিক আশ্রয় দেওয়া হবে না। কেউ সংগঠনের পরিচয় ব্যবহার করে অপরাধ আড়াল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য ও সাক্ষ্য দিয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি বিপথগামী ব্যক্তিদের কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন (মন্টু) বলেন, নব্বইয়ের দশকে গঠিত ‘প্রতিবেশী নিরাপত্তা কমিটি’ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে এই নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। মাদকের বিস্তার রোধে অবৈধ উৎস বন্ধ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তারা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিটি করপোরেশন, র‍্যাবসহ বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের সম্পৃক্ত করে সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু, নাজিম উদ্দিন পন্টু, আরাফাত আহমেদ রাজিব, অ্যাডভোকেট মাহমুদ কবির খোকন, মোস্তাফিজুর রহমান, লিটন চন্দ্র পাল, আলমগীর আজিজ ইমন ও সাগর আহমেদ।

সর্বশেষ

জনপ্রিয়