০৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৭

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে অপ্রাপ্তবয়স্ক দুজনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী জানান, শিমরাইলের চারতলা ওই ভবনে বিশেষ অভিযান চালানো হয়। ভবনটি আগে ‘সাজেদা হাসপাতাল’ হিসেবে পরিচিত ছিল।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে দুই নারী, ১৩ পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরী ও কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বাকি দুই নারী ও ১৩ পুরুষসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়