০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ৪ অক্টোবর ২০২৬

দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয়

দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয়
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পিঠালীপুর এলাকায় প্যারাডাইস কেবলস লিমিটেডের একটি বন্ধ গোডাউন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহের পরিচয় দুই মাসেও শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির পরিচয় জানতে আবারও সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত ৮ আগস্ট ফতুল্লা থানার পিঠালীপুর এলাকায় প্যারাডাইস কেবলসের সিসিডি প্ল্যান্টের ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার নাম-পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পরদিন ৯ আগস্ট ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে। মামলা নম্বর-৩৩।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট দুপুর ১টার দিকে গোডাউনের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সে সময় পুলিশ জানিয়েছিল, মরদেহটি গলিত অবস্থায় ছিল। ধারণা করা হয়েছিল, উদ্ধারের ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দলও চেষ্টা চালায়। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করেছিল, চুরির উদ্দেশ্যে গোডাউনে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। তবে তার পরিচয় না মেলায় তদন্তেও জটিলতা তৈরি হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর এসআই শরিফুল ইসলামের সঙ্গে ০১৭১২-৭৪৭২০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়