বন্দরে ট্রাকচাপায় ইউনুস নিহত: হেলপার গ্রেপ্তার, মামলা
নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
বন্দর থানার এফআইআর নম্বর-৭ অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে উঠে যায়।
এ সময় দোকানে বসে থাকা ইউনুস মিয়া ট্রাকের চাপায় নিহত হন। দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও কয়েকজন আহত হন।





































