০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১১, ৪ অক্টোবর ২০২৬

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ

সুস্থ জাতি গঠনে নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

রবিবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি পার্কে আয়োজিত ‘নারায়ণগঞ্জ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মামুন মাহমুদ বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন জাতি গঠনে অত্যন্ত প্রয়োজন। একটি সুস্থ আগামী উপহার পেতে হলে এই বয়সের ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা ও নির্মল সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।”

সামাজিক অবক্ষয় ও প্রযুক্তিতে অতিমাত্রায় আসক্তির ব্যাপারে তিনি বলেন, “জাতি হিসেবে আমরা অনেকখানি পিছিয়ে যাচ্ছি। ভয়াবহ নেশা, মাদক, কিশোর গ্যাং এবং মোবাইলের ডিজিটাল আসক্তি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জেনারেশনকে খেলাধুলার মাঠে ও সুস্থ সংস্কৃতিচর্চায় ফিরিয়ে আনতে হবে।”

শিক্ষার্থীদের সাহিত্য ও মেধা বিকাশে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, “প্রতিষ্ঠানে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশের ব্যবস্থা করতে হবে। এতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না, কেবল উদ্যোগই যথেষ্ট। আজ ফুটবল খেলায় যারা অংশ নিয়েছে, তাদের নার্সিং করা গেলে আগামীতে ফুটবলে আমরা অনেক ভালো ফলাফল পাবো।”

জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আশ্বস্ত করে মামুন মাহমুদ বলেন, “কলেজগুলোর অংশগ্রহণে 'জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট' আয়োজনের বিষয়ে গুরুত্বসহকারে চিন্তা করা হবে। এ নিয়ে জেলা পরিষদে আলোচনা করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষার্থীদের শারীরিকভাবে ফিট থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত এক ঘণ্টা মাঠে এসে খেলাধুলা ও ব্যায়াম করতে হবে। এতে মন ভালো থাকবে, পড়ালেখায় মনোযোগ বাড়বে এবং স্বাস্থ্যের ফিটনেস বৃদ্ধি পাবে। তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ, তোমাদের সুস্বাস্থ্যের অধিকারী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব।”
নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল এবং মহিলা দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রহিমা শরীফ মায়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়