যানজট নিরসনে ফের মাঠে বিকেএমইএ-চেম্বার-মডেল-‘উই আর ভলান্টিয়ার’
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারও ট্রাফিক পুলিশের সঙ্গে মাঠে নামছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার’।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও যানজটপ্রবণ এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন স্বেচ্ছাসেবীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এনডিএর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওছার আশাসহ ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, প্রাথমিকভাবে ২২ জন স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবেন। শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশকে সহযোগিতা করাই হবে তাদের মূল দায়িত্ব।
‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, ‘বিগত রমজান মাস ও ঈদের বাজারের সময় আমরা যেভাবে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করেছি, সেই ধারাবাহিকতায় আবারও এ কার্যক্রম শুরু হচ্ছে।’
তিনি বলেন, ‘নগরবাসীর চলাফেরায় স্বস্তি দিতে আমাদের স্বেচ্ছাসেবকেরা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যানজট নিরসনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’
এর আগে চলতি বছরের মে মাসে ঈদুল আজহাকে সামনে রেখে বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মডেল গ্রুপের উদ্যোগে ‘উই আর ভলান্টিয়ার’-এর ২২ জন স্বেচ্ছাসেবী চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আয়োজকদের প্রত্যাশা, ব্যবসায়ী সংগঠন, ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত এ উদ্যোগে শহরের যানজট নিয়ন্ত্রণে সহায়তা হবে এবং নগরবাসীর চলাচলে স্বস্তি বাড়বে।





































