০৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ৩ অক্টোবর ২০২৬

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: উপজেলার গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর বিকেলে মৈকুলী গ্রামের ওই কিশোরী তার এক ছেলে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যায়। রাতে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে তারা তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে কিশোরীর পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

পরে ওই তিন যুবক তাদের জোর করে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে কিশোরীর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে তিনজন পর্যায়ক্রমে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, এক পর্যায়ে ওই যুবকেরা আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা আনার জন্য কৌশলে সেখান থেকে বের হয়ে কিশোরীর বন্ধু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়