বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামি ও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে রুপালী আবাসিক এলাকা ও আশেপাশে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রুপালী আবাসিক এলাকা থেকে চুরি মামলার আসামি মাহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ওয়াসার গলিতে আলীনুরের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মো. মিজানুর রহমান।
তার বিরুদ্ধে গত ২৬ জুলাই বন্দর থানায় চুরির অভিযোগে একটি মামলা হয়।
এছাড়া একই রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে, তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সাব্বির আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন্দর থানা পুলিশ।





































