০৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে জরুরি: আবদুল জব্বার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে জরুরি: আবদুল জব্বার

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার। তিনি বলেছেন, সরকারে না থাকলেও জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল জব্বার বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক বিতরণ, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে গণসচেতনতার বিকল্প নেই। চিকিৎসকদের পরামর্শ ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ডেঙ্গুর বিস্তার, লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিশেষ লিফলেট তৈরি করা হয়েছে। এসব লিফলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিতরণ করা হবে।

এ সময় এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ, নালা-নর্দমা ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।

মহানগরী জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মো. জাকির হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়