ফতুল্লায় ‘কসাই সেলিম’ গ্রেপ্তার, পুলিশের দাবি ১৫টির বেশি মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলার আসামি সেলিম ওরফে ‘কসাই সেলিম’কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম মাসদাইর বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম, রফিকুল ইসলাম (বিপিএম) ও নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, সেলিমের বিরুদ্ধে ইমন হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি ‘জাহিদ বাহিনী’র প্রধান জাহিদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও সক্রিয় সদস্য বলেও দাবি পুলিশের।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম বলেন, ‘দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। মঙ্গলবার দুপুরে মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুর্ধর্ষ সন্ত্রাসী জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য।’
বাহিনীর প্রধান জাহিদসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





































