২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ, ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ, ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার এবং সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা দাবি করেন, গত ২১ সেপ্টেম্বর প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর পর কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা। তাদের হিসাব অনুযায়ী, ঢাকা–নারায়ণগঞ্জের ১৯ কিলোমিটার রুটে ভাড়া হয় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভারের ৫ টাকা টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে উৎসব ও বন্ধন পরিবহনের বাসে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

এ ছাড়া শিক্ষার্থীদের হাফপাসের ভাড়াও ১০ টাকা বাড়ানো হয়েছে দাবি করে এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি। সে সময় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, তখন অতিরিক্ত পরিবহনভাড়া যাত্রীদের ওপর আরও চাপ সৃষ্টি করছে।

বিবৃতিতে ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া প্রত্যাহার এবং সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবি জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সর্বশেষ

জনপ্রিয়