নবীগঞ্জ–মোগড়াপাড়া সড়ক সংস্কারে গড়িমসি, ব্যবস্থা চান এমপি কালাম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক সংস্কারের কার্যাদেশ দেওয়ার পরও কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া চিঠিতে তিনি দ্রুত সংস্কারকাজ শুরু করতে ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়ার অথবা চুক্তি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর থানার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য সওজের আওতায় ‘মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’কে কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে কার্যাদেশ পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাতে কাজ শুরু করছে না বলে অভিযোগ করেন সংসদ সদস্য।
আবুল কালাম চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে সড়কটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার শুরু করা না হলে সড়কটি সংস্কারেরও অযোগ্য হয়ে পড়তে পারে। প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছেন এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে সংস্কারকাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া অথবা চুক্তি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সওজের নির্বাহী প্রকৌশলীকে সুপারিশ করেন তিনি।
চিঠিটির অনুলিপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।




































