আশুলিয়ায় বিস্ফোরণ: ৮ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি
আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আটজন নিহতের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে নিহতদের পরিবারকে দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ এবং আহতদের পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বারবার শিল্পদুর্ঘটনা ঘটলেও দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত না হওয়ায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
তারা আশুলিয়ার ঘটনার নিরপেক্ষ ও সময়বদ্ধ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
একই সঙ্গে রানা প্লাজা, তাজরীন ফ্যাশনস ও সেজান জুস কারখানার দুর্ঘটনাসহ অতীতের শিল্পদুর্ঘটনার বিচার দ্রুত শেষ করা এবং শিল্পকারখানায় অগ্নিনিরাপত্তা ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।





































