২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১০, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদের বিরুদ্ধে বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একের পর এক কাজ নেওয়া এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে পাউবোর একটি সেচ প্রকল্প পরিদর্শন করেন দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। এ সময় প্রকল্পের কাজ পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন তারা।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম রূপগঞ্জের দাউদপুরে সেচ প্রকল্প পরিদর্শন করেছে। এর আগে আমরা মতিঝিলে অবস্থিত সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি।’

তিনি বলেন, ‘এখানকার নির্বাহী প্রকৌশলীর বাবা মামুনুর রশিদ এই জোনের অন্তত সাতটি কাজ করে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। বিষয়টি নির্বাহী প্রকৌশলীর দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করে। আমরা কাজগুলো পরিদর্শন করেছি। পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিবেদনে বিষয়গুলো তুলে ধরা হবে।’

অভিযানে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা, উপসহকারী পরিচালক জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়