রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি মহিলা পরিষদের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেণের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ দায়ী থাকলে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার একটি ভাড়া বাসা থেকে রিয়া সরেণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মহিলা পরিষদ জানায়, রিয়ার পরিবার ও স্বজনেরা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।
তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
রিয়ার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। বিবৃতিতে সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে বলা হয়, প্রায় দুই বছর আগে মা রিবিকা মুরমুর সঙ্গে রূপগঞ্জের মঙ্গলখালী এলাকার একটি ভাড়া বাসায় ওঠে রিয়া। প্রায় দুই মাস আগে তার মা দিনাজপুরে ফিরে গেলেও রিয়া ওই বাসায় থেকে যায়।
বাসার কাছের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় রিয়া অস্থায়ীভাবে কাজ করত। এর আগে তার মা-ও ওই কারখানায় কাজ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিত করার দাবি জানান।




































