ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, গ্রেপ্তার হুমায়ুন কবির বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা চারটি মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশের দাবি, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয় পর্যায়ে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এদিকে একই দিন পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাক (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ইসহাক বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা দুটি মামলার এজাহারনামীয় আসামি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




































