মেঘনায় ডুবে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া তিন স্কুলশিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় শোকাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের গভীরভাবে বেদনাহত করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তিনি নিহত তিন শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন।
পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গত রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় স্কুলে না গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।




































