বহিষ্কারের তালিকা দীর্ঘ, তবু থামছে না বিএনপি নেতাকর্মীরা
চাঁদাবাজি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, সংঘর্ষ, অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একের পর এক নেতাকর্মীকে বহিষ্কার করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। কিন্তু বহিষ্কারের তালিকা দীর্ঘ হলেও নারায়ণগঞ্জে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে নানা অপকর্মে জড়ানোর অভিযোগ সামনে আসছে।
সর্বশেষ চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার জাতীয়তাবাদী কৃষক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ ফয়সালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট ফয়সাল অজ্ঞাতনামা ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করে ওই অর্থ দাবি করেন।
ফয়সালের বহিষ্কারই প্রথম নয়। সরকার ক্ষমতা গ্রহণের পর নারায়ণগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের মুখে পড়েছেন।
গত ৯ এপ্রিল ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।
এরপর মে মাসে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা দলীয় সিদ্ধান্তে উল্লেখ করা হয়।
জুনে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মী মো. মামুন, মো. কাউছার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিএনপির এক নেতাকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
একই মাসে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগের কথা তখন দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।
রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমও বহিষ্কারের তালিকায় যুক্ত হন। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জুনের শেষ দিকে জেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
আগস্টে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কৃষক দল। দলীয় বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়।
সেপ্টেম্বরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকেও দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের এক কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে।
এসব বহিষ্কারের পর সর্বশেষ তালিকায় যুক্ত হলেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন সময় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বহিষ্কৃত নেতাকর্মীদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধারাবাহিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যেও নারায়ণগঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সংঘর্ষ ও অনিয়মের নতুন অভিযোগ ওঠায় বিষয়টি আলোচনায় রয়েছে।



































