ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ফেডারেশনের
কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকা করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ কলেজ শাখা। বর্ধিত ভাড়া প্রত্যাহার করে শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে সংগঠনটির জেলা ও কলেজ শাখার নেতারা এ দাবি জানান।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন যৌথ বিবৃতিতে বলেন, আগে ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ছিল ৫৫ টাকা। সে হিসাবে অর্ধেক ভাড়া ২৭ টাকা ৫০ পয়সা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হতো। বর্তমানে সাধারণ ভাড়া ৬০ টাকা করা হলে এর অর্ধেক ৩০ টাকা দাঁড়ায়। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, আগে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বেশি দিতেন। নতুন ভাড়া কার্যকর হলে সেই ব্যবধান বেড়ে ১০ টাকা হবে। শিক্ষার্থীদের ওপর এভাবে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া অযৌক্তিক।
জেলা ছাত্র ফেডারেশনের নেতাদের দাবি, সরকার কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। এর মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে একতরফাভাবে ৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।
তাদের হিসাবে, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কিলোমিটারপ্রতি ১৭ পয়সা হিসাবে পুরো রুটে ভাড়া বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৩ টাকা ৪০ পয়সা। এ কারণে একবারে ৫ টাকা ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
অন্যদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার পৃথক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে পরিবহন ভাড়া বাড়লে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে।
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও গণবিরোধী’ বলে দাবি করেন তারা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জেলা ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, এর প্রভাব শিল্প, কৃষি, পরিবহন ও খাদ্যসহ জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় বৃদ্ধির মধ্যে অতিরিক্ত পরিবহন ভাড়া সাধারণ মানুষের ওপর আরও চাপ তৈরি করবে।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন জেলা শাখার নেতারা।
একই সঙ্গে কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার জ্বালানি ও পরিবহনসংক্রান্ত সমস্যা সমাধানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে শহরের রাজনৈতিক ও প্রগতিশীল দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।





































