২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৩, ২৫ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে গণঅনশন

প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে গণঅনশন

বিদ্যুতের প্রিপেইড মিটার পদ্ধতি বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, গ্রাহকদের না জানিয়ে বা না বুঝিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার বসানো হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “তিন গুণ বিল নেওয়ার এই শুভঙ্করের ফাঁকি ও জুলুমের বিরুদ্ধে সাধারণ মানুষ আজ আন্দোলনে নেমেছে।”

তিনি গ্রাহকদের আগের ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়া, স্ল্যাবের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ৫০০ ইউনিটের নিচে কোনো স্ল্যাব না রাখার দাবি জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক-আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “প্রিপেইড মিটারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। আমরা অগ্রিম টাকা বা এ ধরনের শোষণের মিটার চাই না।”

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতে স্থানীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নারায়ণগঞ্জে ওয়াসার যেকোনো অযৌক্তিক সিদ্ধান্ত ও কার্যক্রম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

পরে অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি অনশনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, “আমি নিজেও একজন নারায়ণগঞ্জবাসী হিসেবে প্রিপেইড মিটারের এই সমস্যার একজন ভুক্তভোগী। সাময়িকভাবে এ কাজ স্থগিত রাখা হলেও চূড়ান্ত সমাধানের জন্য আগামী ২৭ আগস্টের সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলব।”

সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাপনী বক্তব্যে মাহবুবুর রহমান ইসমাঈল পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২৬ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা, ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে গণঅবস্থান এবং ৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন রয়েছে।

কর্মসূচিতে চৌরঙ্গী পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল সাত্তার, বিভিন্ন পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের পক্ষে রমজান রশিদ, হাজী রুহুল আমিন, হুমায়ুন কবির, অ্যাডভোকেট মাসুমসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়