২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩৮, ২৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ফাইজা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহিম মেম্বারের কার্যালয়ের সামনে মো. দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে এ ঘটনা ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া জানান, মঙ্গলবার বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ওই ফার্নিচারের দোকানে যান। একপর্যায়ে দোকানের কর্মচারীরা তাকে ডাক দিলে তিনি দোকান থেকে বাইরে যান। এ সময় ফাইজা হামাগুড়ি দিয়ে তার কাছে আসার চেষ্টা করছিল। হঠাৎ একটি ভারী ফার্নিচার শিশুটির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরহাদ মিয়া বলেন, ‘আমার চোখের সামনেই মেয়েটার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রাত ৮টা পর্যন্ত শিশুটির দাফনের কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়