আড়াইহাজারে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ইকবালের
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের জমি দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তার বোনের ছেলে ও নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ইকবাল কবির।
তিনি বলেন, “জয়নাল আবেদীন আমার মামা। তিনি যে ৪৫ শতাংশ জমি নিজের দাবি করছেন ওই জমি ওয়ারিশ সূত্রে আমার মা, দুই খালা ও আরেক মামা পেয়েছেন। তারা দীর্ঘ ৫০ বছর ওই ভোগ-দখল করার পর স্থানীয় দুলাল মিয়ার কাছে বিক্রি করেন।”
তিনি অভিযোগ করেন, তার মামা জয়নাল আবেদীন দলিল জাল করে একাধিকবার ওই জমি দখল করার চেষ্টা করেছেন এবং এখনো পেশিশক্তির ব্যবহার করে ওই জমি ক্রেতাকে ব্যবহারে বাধা ও হয়রানি করে যাচ্ছেন। এ বিষয়ে তারা ইতোমধ্যে জেলা পুলিশ সুপার ও আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ২৩ আগস্ট ‘মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের জমি দখলের চেষ্টা ও হামলা’ শিরোনামে একাধিক স্থানীয় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদনে জয়নাল আবেদীন ওই জমি তার দাবি করে বলেন, প্রতিপক্ষ জমি দখলের চেষ্টার সময় বাধা দিলে তাদের উপর হামলা করা হয় এবং এতে ৪ জন আহত হন। তবে তিনি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেননি।
এ প্রসঙ্গে ইকবাল কবির বলেন, “মামলায় আমরা রায় পাবো জেনে মামা জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘স্টে’ অর্ডার চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন। যখন দেখলেন আইনি প্রক্রিয়ায় পারছেন না তখন জয়নাল আবেদীন, তার দুই ছেলে এবং স্থানীয় লোকজন পেশিশক্তির ব্যবহার করে বাধা সৃষ্টি করেন। এ বিষয়ে আমি এসপি মহোদয় সাথে যোগাযোগ করি এবং থানায়ও অভিযোগ দেই। কিন্তু এখন আবার তারা মিথ্যা অভিযোগ করে জমির ক্রেতা ও আমাদের হয়রানি করে যাচ্ছেন। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। জয়নাল আবেদীন যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, বানোয়ার এবং মিথ্যা। সংবাদকর্মীদের প্রতি আমার আহ্বান, সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন।”





































