১৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:০৮, ১৩ আগস্ট ২০২৬

২ নম্বর গেটের মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাঙা নিয়ে ডিসি অফিসে বিতর্ক

২ নম্বর গেটের মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাঙা নিয়ে ডিসি অফিসে বিতর্ক

নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘ফিরে দেখা ৭১’ অপসারণ নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে তর্ক-বিতর্কে জড়ান বক্তারা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে এ নিয়ে আলোচনা হয়।

সেমিনারে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘চাষাঢ়ার পরে নগরীর দুই নম্বর রেলগেট একটি কেন্দ্র। সেখানে মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য থাকুক, সেটি আমরা চাই।’

এর জবাবে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘ওইটা রাস্তার জন্য অনেক অসুবিধা। এবং অনেক দোকানদার জায়গাটি দখল করে রাখছে।’

তখন রফিউর রাব্বি বলেন, ‘জায়গাটি যে কারণে দখল আছে, সেটি আমরা আইডেন্টিফাই করি।’

এ সময় দ্বিমত পোষণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘এই জায়গাতে ভাস্কর্যটি কবে হয়েছে? ১০ থেকে ২০ বছর। কিন্তু তার আগে আমাদের মুক্তিযোদ্ধাদের চেতনা ছিল না? এটা তো এমন না যে, এটা গেলে আমার মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে। আমরা প্রতিস্থাপনের কথা বলছি, ভাঙতে বলছি না।’

তিনি আরও বলেন, ‘এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড এলাকায় সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পিতার বিশাল বড় এক ছবি বানিয়েছিলেন। তৎকালীন সময়ে ব্যাপক নাটক হয়েছিল, সেটি ভাঙা হয়েছিল। সুতরাং আমরা বলছি, এটি প্রতিস্থাপন করতে। এতে চেতনার কী সমস্যা, বুঝলাম না।’

এ সময় বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া বলেন, ‘প্রতিস্থাপনের বিষয়ে আপনাদের আলাপ-আলোচনা নয়, নাগরিক স্বার্থে যা করার, সেটি করবেন।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘দুই নম্বর রেলগেটেই আমরা ভাস্কর্য ‘ফিরে দেখা ৭১’ সরিয়ে দুই নম্বর গেটেই আমরা চেষ্টা করব, যাতে সুন্দরভাবে রাখতে পারি।’

পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘দুই নম্বর গেট আরও বড় করতে চাই। রেলের জায়গায় যে হোটেল ও পার্টি অফিস (আওয়ামী লীগের জেলা ও মহানগরের অফিস) এগুলোকে কিছুটা ভেঙে দুই নম্বর জায়গাটি বড় করব। এরপর সেখানে স্থাপন করা যায়। সবার সঙ্গে বসে সেখানে স্থাপন করে দেব। যা আছে, তাই থাকবে।’

সর্বশেষ

জনপ্রিয়