২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৪৭, ২১ আগস্ট ২০২৬

জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড না করার দাবিতে এসপিকে স্মারকলিপি

জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড না করার দাবিতে এসপিকে স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জেলা পরিষদ এলাকার লিংক রোডে টেক্সি বা মাইক্রো স্ট্যান্ড না করার দাবিতে জেলা প্রশাসকের পর এবার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তল্লা, আজমেরীবাগ, সবুজবাগ ও কায়েমপুর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে পৃথকভাবে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর এসব আবেদন করা হয়।

স্মারকলিপিতে স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, জেলা পরিষদ এলাকার আশপাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আয়কর অফিস, এলজিইডি ভবন, রেজিস্ট্রি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিক, কর্মকর্তা ও ব্যবসায়িক কাজে বিদেশি ক্রেতাদেরও নিয়মিত চলাচল রয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই ওই এলাকার লিংক রোডে দিনের অধিকাংশ সময় যানবাহন ও মানুষের চাপ থাকে। সেখানে টেক্সি বা মাইক্রোবাসের স্ট্যান্ড স্থাপন করা হলে যানজট আরও বাড়বে এবং পথচারী, শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হবে।

কায়েমপুর এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া আবেদনে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, স্ট্যান্ডকে কেন্দ্র করে মাদক ও অসামাজিক কার্যকলাপের সুযোগ তৈরি হতে পারে। এতে এলাকার পরিবেশ ও কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

আবেদনকারীরা বলেন, জেলা পরিষদ এলাকার লিংক রোডটি সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যোগাযোগের অন্যতম পথ। এখানে টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপন করা হলে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষ এবং শিল্পপ্রতিষ্ঠানের যানবাহনও সমস্যার মুখে পড়বে।

এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কাছেও আবেদন করেন স্থানীয় বাসিন্দারা। এবার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে তারা ওই এলাকায় কোনো ধরনের টেক্সি বা মাইক্রো স্ট্যান্ড স্থাপন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়