সেনপাড়ায় শেষ হলো ‘এক মুঠো আশ্রয়’র চিত্রগ্রহণ
বিনোদন প্রতিবেদক: গ্রামবাংলার নিখাদ আবহ নিয়ে নির্মিতব্য নতুন প্যাকেজ নাটক ‘এক মুঠো আশ্রয়’-এর চিত্রগ্রহণ শেষ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দর থানার ১ নম্বর মাধবপাশা সেনপাড়ার বিভিন্ন মনোরম লোকেশনে দিনব্যাপী চিত্রধারণের মধ্য দিয়ে নাটকটির শুটিং সম্পন্ন হয়।
নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাটকবাজ স্টুডিও’। তারিকুল ইসলাম তারেকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যকার মেরাজ আহমেদ দিপু। নাটকটির সার্বিক প্রযোজনায় রয়েছেন নাট্য নির্মাতা মনিরুজ্জামান স্বপন।
গ্রামের জীবন ও মেঠোপথের চিরচেনা আবেগকে কেন্দ্র করে আবর্তিত নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুলারী, নূরে আলম নয়ন, স্পর্শিয়া মীম, আঞ্জুমান আরা নিশি, নয়ন চৌধুরী, সাব্বির, শুভ ও শিশুশিল্পী নিবিড়।
নাটকটির দৃশ্যধারণে চিত্রগ্রাহক (ডিএইচডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহাগ শরীফ।
প্রযোজক মনিরুজ্জামান স্বপন জানান, গল্পের দৃশ্যপট ও চরিত্রের প্রয়োজনেই মাধবপাশা সেনপাড়ার প্রাকৃতিক ও বাস্তব পরিবেশকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষে খুব দ্রুতই নাটকটি দেশের একটি শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





































