নদীর অবস্থা দেখতে নারায়ণগঞ্জে আসছেন মুখ্য সচিবসহ ৩ প্রতিমন্ত্রী
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে নদীর অবস্থা সরেজমিনে পরিদর্শনে নারায়ণগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ তিন প্রতিমন্ত্রী।
বুধবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ‘রাজধানী ঢাকার চারপাশে নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রম সংক্রান্ত কেন্দ্রীয় সেলের সদস্যরা এ পরিদর্শন করবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান দপ্তর থেকে ২৫ আগস্ট জারি করা এক নথিতে এ পরিদর্শন সূচি জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ১১টায় আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে স্পিডবোট বা কেবিন ক্রুজারে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। পথে নদীর উভয় পাড়ের ওয়াকওয়ে, নৌপথের ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশন, সদরঘাট টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা ও নদীর সার্বিক অবস্থা পরিদর্শন করা হবে।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিনিধি দল নারায়ণগঞ্জ নদী বন্দরে পৌঁছাবে। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় ঢাকাস্থ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সফরসঙ্গী হিসেবে থাকবেন।
নদীর দূষণ নিয়ন্ত্রণ, নদী সংরক্ষণ এবং ঢাকার চারপাশের নৌপথ ও নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনার অংশ হিসেবে এ সরেজমিন পরিদর্শনের আয়োজন করা হয়েছে।





































