ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা
২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী ট্র্যাজেডির স্মরণে এবং ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে বহুজাতিক এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও জনবসতি ধ্বংসের প্রতিবাদে গণআন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনে পুলিশ ও বিডিআরের গুলিতে আমিন, তরিকুল ও সালেকিন শহীদ হন এবং দুই শতাধিক মানুষ আহত হন।
প্রবল গণবিক্ষোভের মুখে ৩০ আগস্ট তৎকালীন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর মাধ্যমে অধ্যাপক আনু মুহাম্মদের সঙ্গে ঐতিহাসিক ছয় দফা চুক্তি স্বাক্ষর করতে সরকার বাধ্য হয়। তবে ১৬ বছর পার হলেও তৎকালীন ও পরবর্তী সরকারগুলো ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করেনি বলে অভিযোগ সংগঠনটির।
ফুলবাড়ী দিবসের এবারের কর্মসূচি থেকে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের জনবান্ধব স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ আগস্ট (বুধবার) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ২৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টায় একই স্থানে প্রতিবাদ ও স্মারক সমাবেশ অনুষ্ঠিত হবে।





































