বাড়ির মালিকের ছবি দিয়ে ভাড়াটিয়ার ‘কুরুচিপূর্ণ পোস্ট’, এলাকায় উত্তেজনা
নারায়ণগঞ্জের বন্দরে চার মাসের বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে।
নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে ওই নারীকে ঘিরে রোববার (১৬ আগস্ট) বিকেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
হয়রানির শিকার এলাকাবাসী পরে ওই নারীকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনাটি বন্দর থানাধীন কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার একটি আটতলা ভবনে। অভিযুক্ত তানজিনা আক্তার লিপি প্রায় চার বছর ধরে ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
ভবনের কেয়ারটেকার নাবিদুর রহমান নোবেল বলেন, লিপির কাছে চার মাসের ৪০ হাজার টাকা বাড়িভাড়া পাওনা রয়েছে। ওই টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি দেখানো এবং ‘জেল খাটানোর’ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আগেও বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।
নোবেলের অভিযোগ, ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আগেরদিন, শনিবার রাতে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন লিপি।
রোববার বিকেলে পোস্টটি স্থানীয়দের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নারী-পুরুষরা এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠলে কয়েকজন নারী লিপিকে বাসা থেকে বের করে দেন। পরে ঘটনাস্থলে কয়েকশ নারী-পুরুষ জড়ো হন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের ভয়ভীতি দেখান। তার বিরুদ্ধে মানুষকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তানজিনা আক্তার লিপির বক্তব্য পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়দের অভিযোগ, ওই নারী সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সম্মানহানি ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা আদায় করেন। স্থানীয় জনতা ও কয়েকজন দোকানদারের কাছ থেকেও তার টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সতর্ক করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































