‘বুলবুল হত্যার বিচার না হলে জনগণ ছাড়বে না’
ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুলকে হত্যাকাণ্ডের ঘটনার বিচার করতে প্রশাসন ব্যর্থ হলে ‘জনগণ ছাড়বে না’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজকে বুলবুলকে যারা হত্যা করেছে, তাদের বিচার করতে ব্যর্থ হলে এই জনগণ কিন্তু ছাড়বে না। এটাতে মাত্র এক নম্বর সিগন্যাল, সামনে আরো ভয়ানক সিগন্যাল আছে। আমি বিএনপি সরকারকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন। এই কয় মাস রাষ্ট্র পরিচালনায় আপনি ভালো কিছু দেখাতে পারেন নাই। আপনি ব্যর্থ হয়েছেন।”
ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, “তার কোনো স্বাভাবিক বিদায় হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা তাকে খুন করেছে। এরা বারবার মানুষকে খুন করেছে। বহুত অন্যায়ের সাথে তারা জড়িত। এ সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার মামলা হয়েছে। কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমি মনে করি- এই হত্যার পেছনে প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা। প্রশাসন যদি সচেতন থাকতো, আগের থেকে অপরাধীদের বিচার করতো, তাহলে অপরাধ সংঘটিত হতো না।”
অপরাধীদের ঠিকমতো বিচার হলে খুনের পরিসংখ্যান কমে আসতো মন্তব্য করে তিনি বলেন, “খুনিদের বিচার না হওয়ার কারণেই খুন হয়। অপরাধের বিচার না হওয়ার কারণে অপরাধ বাড়তে থাকে। দুর্নীতিবাজদেরকে বিচার না করার কারণেই গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আপনার এই কয় মাসের আমলে বহুত নারী ধর্ষণ হয়েছে। আপনার এই কয় মাসের শাসন ব্যবস্থায় গ্যাসের, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি হয়েছে। কয়দিনের শাসন ব্যবস্থায় জীবনযাত্রার মান ক্ষুন্ন হয়েছে। মানুষ অশান্তির মধ্যে আছে। ঘুষ বাণিজ্য বেড়ে গিয়েছে। প্রশাসন ও সরকারকে বলবো-সতর্ক হন।”
এ সময় ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি নুর হোসেন, সিনিয়র সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































