যতীন সরকার স্মরণে শ্রুতির স্মরণানুষ্ঠান শুক্রবার
প্রখ্যাত শিক্ষাবিদ, প্রগতিশীল চিন্তাবিদ, গবেষক, প্রাবন্ধিক ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।
গুণী এই শিক্ষাবিদ ও চিন্তাবিদের জীবন, দর্শন, সাহিত্যচর্চা এবং সমাজ-সংস্কৃতিতে তাঁর অবদান স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলার পরীক্ষণ হলে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক যতীন সরকারের জীবন ও চিন্তাকে কেন্দ্র করে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র ‘বানপ্রস্থ যতীন সরকার’ প্রদর্শন করা হবে। শ্রুতি সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে নির্মিত তথ্যচিত্রটিতে তাঁর জীবন, চিন্তাধারা, সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাবনা এবং দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
স্মরণানুষ্ঠানের ‘আলাপ’ পর্বে অধ্যাপক যতীন সরকারের জীবন ও কর্ম, প্রগতিশীল চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করবেন শিল্পী রফিউর রাব্বি, কবি কাজল কানন ও বাঁধন অধিকারী। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন উদীচীর শিল্পী আবুল হোসেন অলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি ধিমান সাহা জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করবেন জোনায়েদ আহমেদ।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ আগস্ট ৮৯ বছর বয়সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক যতীন সরকার।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণানুষ্ঠানে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।





































