মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে: রাজীব
ভুল ও বিভ্রান্তিকর ইতিহাস দূর করে আগামী প্রজন্মের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মানুষ জাতীয়তাবাদী দলের প্রতি যে আস্থা, ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছে, তা কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। সম্মান জোর করে আদায় করা যায় না এবং ইতিহাসকেও দাবিয়ে রাখা যায় না। ইতিহাস তার নিজস্ব মহিমায় উদ্ভাসিত হবেই। মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল, কে কতটুকু আত্মত্যাগ করেছেন তা এ দেশের মানুষ ভালো করেই জানে। তবে আগামী প্রজন্ম যাতে ভুল ও বিভ্রান্তিকর ইতিহাসের শিকার না হয়, সে লক্ষ্যে বর্তমান সরকার পাঠ্যক্রমে সঠিক ইতিহাস প্রতিস্থাপন করবে।”
তিনি আরও বলেন, "রাজনীতিতে নেওয়ার চেয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। ব্যক্তি স্বার্থের চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় এই মূলনীতিকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাই অন্যান্য দুঃশাসনের মতো দলের কোনো কর্মীর অনিয়ম সহ্য করা হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে মুক্তিযুদ্ধের প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ রেজা রিপন, জেলা বিএনপির সদস্য সচিব মশিউর রহমান রনি, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।





































