দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি সিপিবির
যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল, রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী। বক্তব্য দেন জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল হাই শরীফ, শাহানারা বেগম, শিশির চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নিয়েছিল। স্বাধীনতার পরও দেশটির বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে বলে তারা দাবি করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি হলে দেশের অর্থনীতি ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, করিডোর, সমুদ্রবন্দর ইজারা ও ট্রানজিটসহ বিভিন্ন চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে চীন ও ভারতের তৎপরতার কারণে বাংলাদেশ ভূ-রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, ‘যুদ্ধবাজ আমেরিকা মানবতার শত্রু। এই শত্রুর সঙ্গে কোনো চুক্তি নয়, কোনো বন্ধুত্ব নয়।’ দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করে সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান প্রসঙ্গে বক্তারা বলেন, জনগণের সম্পদ ব্যক্তি মালিকানায় তুলে দেওয়া যাবে না। পরিকল্পিত ও দক্ষ ব্যবস্থাপনার অভাব এবং আধুনিকায়ন না করার কারণে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো সংকটে পড়েছে। পরে লোকসানের অজুহাতে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করে আধুনিকায়নের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় চালু করার দাবি জানান তারা।
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, দীর্ঘ সময়ের লোডশেডিং, বাসাবাড়িতে গ্যাসের সংকট এবং শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহে জনজীবন ও উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশের অর্থনীতি সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে নিম্নআয়ের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বাজার তদারকি জোরদারের দাবি জানান তারা। মজুদদার, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান সিপিবির নেতারা।





































