বসুন্ধরায় নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। সেখানে আরও কয়েকজন বড় নেতার আসার কথা থাকলেও তারা উপস্থিত হননি।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারদের অনেকেই নতুন কেনা সাদা পাঞ্জাবি পরা ছিলেন। ওই বাসাটির মালিক কে এবং অনুষ্ঠান আয়োজনের অর্থায়ন কোথা থেকে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।





































