২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৮, ২১ আগস্ট ২০২৬

বুলবুল হত্যায় তারিকুলের নিন্দা, সর্বোচ্চ শাস্তির দাবি

বুলবুল হত্যায় তারিকুলের নিন্দা, সর্বোচ্চ শাস্তির দাবি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগরে মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বন্দর দীর্ঘদিন ধরে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসন মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলেও কিছুদিনের মধ্যেই অনেক অপরাধী জামিনে বা অন্যভাবে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। গ্রেপ্তার-বাণিজ্যের একাধিক অভিযোগ শোনা যাচ্ছে, যা উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করছে।

তারিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, শেখ সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও দীর্ঘদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের উদাসীনতার কারণেই বুলবুলকে প্রাণ দিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির ক্ষেত্রে কোনো টালবাহানা বা উদাসীনতা মেনে নেওয়া হবে না। জড়িতদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত খুনি এবং তাদের নেপথ্যে থাকা মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়