জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: স্মরণে ছাত্র ফেডারেশনের ‘জুলাই শিখা’ প্রজ্বালন
ঐতিহাসিক ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে গণ-অভ্যুত্থানের সংগঠনের নেতা শহীদ জুলফিকার আহমেদ শাকিলসহ সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘জুলাই শিখা’ প্রজ্বালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা দখলের আন্দোলন ছিল না; এটি ছিল কর্তৃত্ববাদ, দলীয়করণ এবং রাষ্ট্রকে দলীয় সম্পত্তিতে পরিণত করার রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক অবস্থান। চব্বিশের অভ্যুত্থানের দুই বছর পর আজ আমরা একদিকে যেমন পূর্বের শামীম ওসমানের গুন্ডাগিরি দেখেছি, অন্যদিকে সম্প্রতি সময়ে এনসিপি নেতাদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং ছাত্রদল-শিবিরের রাজনৈতিক সহিংসতা লক্ষ্য করছি। আমরা কোনো ধরনের গুন্ডাতন্ত্র বা সহিংসতার রাজনীতি দেখতে চাই না। সেই সাথে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, “শেখ হাসিনা পালানো এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দখল ও সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার আজ দুই বছর। কিন্তু একটি মাফিয়া অংশ পালিয়ে গেলেও নতুন করে তাদের রিপ্লেসমেন্ট হয়েছে। বাস সেক্টর, গার্মেন্টস, তিতাস গ্যাস কিংবা বিদ্যুৎসহ সব খাতে এখনো নতুন নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজেরা দখল নিয়েছে।”
“অসাধু বিদ্যুৎ কর্মকর্তারা বাসাবাড়িতে দ্বিগুণ-তিনগুণ ভুতুড়ে বিল পাঠাচ্ছেন এবং প্রিপেইড মিটার বসিয়ে জনগণের পকেটের টাকা কাটার পাঁয়তারা করছেন। এই প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।"
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম ও জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক শাহীন মৃধা, সদস্য সচিব তাওহিদ আহমেদ তাজবীর, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা, জেলা প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) রাইসা ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































