০৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৪, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৩৪, ৪ আগস্ট ২০২৬

নাসিকের উচ্চাভিলাষী বাজেটে নগরবাসীর প্রত্যাশার প্রতিফলন হয়নি: আবদুল জব্বার

নাসিকের উচ্চাভিলাষী বাজেটে নগরবাসীর প্রত্যাশার প্রতিফলন হয়নি: আবদুল জব্বার
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের ঘোষিত বাজেটকে উচ্চাভিলাষী উল্লেখ করে এতে নগরবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ৩০ জুলাই নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ঘোষিত বাজেটকে নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হলেও এতে নগরবাসীর দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও সুস্পষ্ট পরিকল্পনার প্রতিফলন নেই।

তিনি বলেন, বাজেটে যানজট নিরসন, মশক নিয়ন্ত্রণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানির সরবরাহ, নাগরিক সেবার মানোন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হলেও বাস্তবায়নের কার্যকর রূপরেখা অনুপস্থিত।

মাওলানা আবদুল জব্বারের দাবি, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বর্তমান প্রশাসক নগরবাসীর যেসব দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেছিলেন, বাজেটে সেগুলোর প্রতিফলন ঘটেনি। ফলে নগরবাসী হতাশ হয়েছে।

তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে যানজট, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, নাগরিক সেবা ও অবকাঠামোগত সমস্যাগুলো বিদ্যমান থাকলেও এবারের বাজেটেও এসব সমস্যা সমাধানে সময়োপযোগী ও কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে।

বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হলেও নতুন অর্থবছরে আবারও উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তা অর্জনের বাস্তবসম্মত কোনো কৌশল উপস্থাপন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, বাজেট প্রণয়নের সময় নাগরিক, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি। ফলে বাজেটে নাগরিক ভাবনা প্রতিফলিত হয়নি।

নাসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যানজট নিরসনে ফুটওভারব্রিজ নির্মাণ, সম্ভাব্য স্থানে লিংক রোড নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, কার্যকর মশক নিয়ন্ত্রণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহে নতুন পাইপলাইন নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

অন্যথায়, অতীতের মতো এ বাজেটও কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়