সোনারগাঁয়ে ‘কলাপাতা বার্গার’-এর বিরুদ্ধে ভবন দখলের চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করে উল্টো ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ‘কলাপাতা বার্গার’ নামের একটি রেস্টুরেন্টের পরিচালকদের বিরুদ্ধে। এ ঘটনায় দোকান মালিক মাজহারুল ইসলাম বৃহস্পতিবার (৩০ জুলাই) সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা শপিংমলের তৃতীয় তলায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি দোকান ২০২০ সালের ১ জানুয়ারি মাসিক ৩৭ হাজার ৫০০ টাকা ভাড়ায় চুক্তির মাধ্যমে কয়েকজন ব্যক্তির কাছে ভাড়া দেন মাজহারুল ইসলাম। পরে তারা সেখানে ‘কলাপাতা বার্গার’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা শুরু করেন।
চুক্তি অনুযায়ী প্রথম তিন বছর নির্ধারিত ভাড়া বহাল থাকার কথা ছিল। চতুর্থ বছর থেকে ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি এবং সার্ভিস চার্জসহ প্রতি মাসে মোট ৫৩ হাজার টাকা পরিশোধের শর্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাজহারুল ইসলামের দাবি, ভাড়াটিয়ারা প্রথম দুই বছর নিয়মিত ভাড়া পরিশোধ করেননি। পরে কিস্তিতে কিছু টাকা দিলেও দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া রেখে নানা অজুহাত দেখিয়ে আসছেন। বর্তমানে তাদের কাছে ১০ লাখ ৫৫ হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বকেয়া ভাড়া চাইলে ভাড়াটিয়ারা উল্টো তার কাছেই মোটা অঙ্কের টাকা দাবি করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা ভাড়া পরিশোধ করে দোকান ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেননি। পরে আদালতের মাধ্যমে দোকান ছাড়ার জন্য নোটিশ পাঠানো হলে তার ম্যানেজারকে মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী দোকান মালিক বকেয়া ভাড়া আদায় এবং দোকানটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





































