জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী ১০ কর্মসূচি
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আন্দোলনের আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী ১০টি কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসনের এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের কর্মসূচির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের তল্লা নতুন রোড, হাজীগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন সুবিধাজনক সময়ে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এ কর্মসূচির স্থান হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চাষাঢ়া মিনি পৌরসভা উল্লেখ করা হয়েছে।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। জেলার সব উপজেলা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এ কর্মসূচি পালিত হবে। এর মধ্যে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় রয়েছে।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহ করা চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে মিলনায়তন অথবা উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হবে।
জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরগুলো বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা। একই সঙ্গে জেলার সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থানগুলো শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত এবং বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা করা হবে।
জেলার সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সাজানো। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাও অনুষ্ঠিত করা হবে।
দিনের কর্মসূচির শেষ দিকে তল্লা নতুন রোড, হাজীগঞ্জ এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জায় সজ্জিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।





































