০৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১০, ২ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হয়নি: বাসদ

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হয়নি: বাসদ

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতারা বলেছেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিল, বাস্তবে তার পরিবর্তে নতুন ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রোববার (২ আগস্ট) বিকেলে ফতুল্লা বটতলা রেললাইনে বাসদ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তারা এসব কথা বলেন।

পথসভায় সভাপতিত্ব করেন বাসদ ফতুল্লা থানা কমিটির সদস্য ও রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি জামাল হোসেন।

বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, জেলা বর্ধিত ফোরামের সদস্য রুহুল আমিন সোহাগ, বাসদ ফতুল্লা থানা কমিটির সদস্য ও সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, যুবক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ বৈষম্য, দমন-পীড়ন, দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সরকার পতন হলেও মানুষের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি।

তারা অভিযোগ করেন, বর্তমানে দেশে আইন-শৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাস, অপহরণ, খুন, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, নারী ও সংখ্যালঘু নির্যাতন এবং দুর্নীতি বেড়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে।

পথসভায় নেতারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি, বন্দর ইজারা এবং সম্ভাব্য সামরিক ও প্রতিরক্ষা চুক্তি দেশের অর্থনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি ও জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে বলে তারা দাবি করেন।

শ্রমিকদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক শ্রমিক বেতন পেলেও এটিএম বুথে পর্যাপ্ত টাকা না থাকায় দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনেও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা প্রদান বন্ধ, খুন, সন্ত্রাস, অপহরণ, মাদক, জমি দখল ও চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা এবং শ্রমিকদের বেতন নির্বিঘ্নে উত্তোলনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

পথসভার শেষে নেতারা বৈষম্যহীন সমাজ, সামাজিক ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়