ছেলের বিরুদ্ধে বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকি
নারায়ণগঞ্জের বন্দরে ছেলের বিরুদ্ধে করা বলাৎকারের অভিযোগে মামলা তুলে নিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল কিবরিয়া হুমকি দিয়েছেন বলে অভিযোগ বাদীর।
মামলার বাদী ২৮ বছর বয়সী ওই নারী এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
অভিযুক্ত রুবেল কিবরিয়া বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। গত সোমবার রাতে তিনি মামলার বাদী ওই নারীকে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, গত ৮ জুলাই তার সাত বছর বয়সী ছেলেকে বলাৎকারের অভিযোগে রুবেল কিবরিয়ার ছেলে তাসকিন কিবরিয়ার বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার আসামি তাসকিনকে পুলিশ গ্রেপ্তার করলে সে বর্তমানে কারাগারে রয়েছে।
বাদী বলেন, মামলার পর থেকে তাসকিনের বাবা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল কিবরিয়া তাদের মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন। গত ৩ আগস্ট রাত আড়াইটার দিকে তার বাড়ির পাশে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন রুবেল। এতে প্রতিবাদ জানালে তাকে মারধরের চেষ্টাও করা হয়।
মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী নারী বলেন, “অভিযুক্ত ব্যক্তি খুবই খারাপ লোক। তারা আমাদের যেকোনো ক্ষতি করে ফেলতে পারে।”
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানা পুলিশের এসআই আলী আকবর বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































