২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৮:৩৭, ২৮ জুলাই ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর কর্মসূচি

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর কর্মসূচি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য রোকন আহাম্মদ, জেলা সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজ শাখার নেতা ইফতি আহাম্মেদ জিহাদ ও ইয়াসিন আরাফাত অভি, নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতা লাগারথা লিথি এবং সদস্য মাহিম, তাহা, খাদিজা ফিহা, ডালিম, দীপ, ফিহাসহ অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু ওই চেতনার পরিপন্থীভাবে দেশের স্বার্থ ক্ষুণ্ন করে এ ধরনের চুক্তি করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই চুক্তিটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এ চুক্তি বাতিলের দাবি জোরালো করার আহ্বান জানান তারা।

এ সময় তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

বক্তারা বলেন, অসম বাণিজ্য চুক্তির ফলে দেশের শিল্প, কৃষি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও এলপিজির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে বলেও তারা দাবি করেন।

গণস্বাক্ষর কর্মসূচি থেকে বক্তারা জাতীয় স্বার্থ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল এবং দেশের সম্পদ ও অর্থনীতি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়