বটতলার উদ্যোগে ৩১ জুলাই ‘বর্ষামঙ্গল ১৪৩৩’ আয়োজন
বর্ষার চিরন্তন সৌন্দর্য, আনন্দ ও সতেজতাকে বরণ করে নিতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন বটতলা আয়োজন করেছে ‘বর্ষামঙ্গল ১৪৩৩’।
আগামী ৩১ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন (৫ম তলা)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে মেঘ-মল্লারের আবহে সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশিত হবে। এছাড়া বর্ষা নিয়ে আলোচনা এবং নেত্রকোণার মজনু বয়াতী-এর পরিবেশনায় বাংলার ঐতিহ্যবাহী ‘গাজীর গান’ অনুষ্ঠিত হবে।
বটতলার সভাপতি বিশ্বজিৎ বসাক ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস এক যৌথ আমন্ত্রণে জানান, বর্ষার এই মায়াবী সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমী সকলের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।





































