জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে বাসদের সমাবেশ
আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসদ সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাসদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য রুহুল আমিন সোহাগ, নির্মল বর্মন, তৌহিদুল ইসলাম সুজন, সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, মাদক, জমি দখল, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ এবং সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে সমালোচনা করেন। তাদের দাবি, এসব উদ্যোগ দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে।
সমাবেশে শ্রমজীবী মানুষের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটিএম বুথে নগদ অর্থ সংকট, বিশুদ্ধ খাবার পানির অভাব এবং প্রস্তাবিত বাজেট নিয়েও বক্তব্য তুলে ধরা হয়।
সমাবেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা বন্ধ, খুন, সন্ত্রাস, অপহরণ, মাদক, জমি দখল ও চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা এবং শ্রমিকদের বেতন নির্বিঘ্নে উত্তোলনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





































