প্রতি বাড়ির সামনে ডাস্টবিন থাকবে, জানালেন নাসিক প্রশাসক
নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মহল্লার প্রতিটি বাড়ির সামনে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নগরীর আল্লামা ইকবাল রোডের (কলেজ রোড) টিএন্ডটি কলোনীর সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ইতোমধ্যে আমরা পরিকল্পনা করছি গলাচিপা এলাকাকে একটি পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি এবং আপনাদেরকে একটি অফিসও দেওয়া হয়েছে। সুতরাং আপনাদেরকে একটি দায়িত্ব দিতে চাই। তিনতলা ভবন থেকে যেসব বাড়ি রয়েছে, সেগুলোর একটি তালিকা তৈরি করবেন। এবং আমরা ২৪০ মিটারের একটি করে ময়লার বিন দেব। যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে নগরী।”
শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে উদ্যোগে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “সারাদেশে বিকেএসপির মতো ১০টি জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সেখানে মাঠের পাশাপাশি শিক্ষার্থীদের বাসস্থান, বিভিন্ন লেখার সরঞ্জাম ও সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব, এখানে যেহেতু পাঁচ একর জমি রয়েছে, এটিকে ক্রীড়া প্রতিষ্ঠানে পরিণত করার জন্য। তবে এটি নিশ্চিত নয়, আমরা প্রস্তাব করবো।”
সাখাওয়াত বলেন, “এ ধরনের প্রতিষ্ঠান ওই গ্রাম এলাকায় করে রাখলে চলবে না। অতীতের অভিজ্ঞতা বলে, দেশে যত জাতীয় খেলোয়াড় তৈরি হয়েছে, সব শহর থেকে উঠে এসেছে। সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার থেকে হয়নি। এই শহর থেকে হয়েছে। সুতরাং এই উদ্যোগ শহরকেন্দ্রিক হলে আগামী দিনে আবারও জাতীয় পর্যায়ে অজস্র খেলোয়াড় তৈরি হবে।”
“গলাচিপাবাসী মাদক, কিশোর গ্যাং ও সামাজিক বিভিন্ন অপরাধের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে, সেই লড়াই বন্ধ করা যাবে না এবং সেটি অব্যাহত রাখতে হবে। সংখ্যাগরিষ্ঠের যে লড়াই, সেটি ব্যর্থ হয় না,” বলেও উল্লেখ করেন নাসিক প্রশাসক।





































