মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ডিসির
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় স্থানীয় লোকজনের সমন্বয়ে চলমান মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গলাচিপায় যে সামাজিক উদ্যোগ শুরু হয়েছে, তা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। এই উদ্যোগকে একটি অরাজনৈতিক সামাজিক আন্দোলন হিসেবে এগিয়ে নিতে হবে। প্রশাসন এ উদ্যোগের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোডের (কলেজ রোড) টিএন্ডটি কলোনীর সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।স্থানীয়রা জানান, এ জমিতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ‘আস্তানা’ গড়ে তোলা হয়েছিল। সম্প্রতি এখানে পুলিশের একাধিক অভিযান পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, “শুরুতে এককভাবে উদ্যোগ নেওয়া হলেও ধীরে ধীরে বিভিন্ন মানুষ এতে যুক্ত হয়েছেন। এটি একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবেই থাকবে। গলাচিপায় এ উদ্যোগের ফলাফল দেখে নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার পঞ্চায়েত কমিটিগুলোও আগ্রহী হয়েছে।”
এ এলাকায় ছিনতাই, মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয়দের উদ্যোগে রাতের বেলা পাহারার ব্যবস্থাও চালিয়ে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “প্রশাসন সহায়ক শক্তি হিসেবে আপনাদের পাশে থাকবে।”
“এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। এখানে ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সংখ্যা কমে এলে স্বস্তি নিয়ে বসে গেলে আবার আগের পরিস্থিতি ফিরে আসতে পারে। তাই বর্তমান উদ্যোগকে দীর্ঘমেয়াদী করতে হবে।”
মাদক নিয়ন্ত্রণে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পরিবারের সদস্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রায়হান কবির বলেন, “যারা মাদক সেবন করছে, তাদের পরিবারকে এগিয়ে আসতে হবে। যারা মাদকের ব্যবসা করছে, তাদের পরিবারকেও এগিয়ে আসতে হবে। আর যারা মাদক বন্ধ করতে চাইছেন, তাঁদেরও এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণ ছাড়া এ ধরনের উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি’র আহ্বায়ক হুমায়ুন কবির রিপন প্রমুখ।





































