খুলনায় সাংবাদিকদের গুলির ঘটনায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান (আরটিভি) বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি ও উদ্বেগজনক। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাকস্বাধীনতার শত্রু। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
জানা গেছে, এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫-৬ জন সাংবাদিক গল্প করছিলেন।
এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিকরা। তবে গুলির ছররায় সাংবাদিক আওয়াল শেখ আহত হন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন।





































